সিরাজগঞ্জ পৌর শহরের এস বি ফজলুল হক রোডের রেলগেট এলাকায় অবস্থিত স্টার স্পেশালাইজড হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা অবহেলার অভিযোগ উঠেছে। প্রসূতির চিকিৎসায় বিলম্ব এবং যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণে সিজারের পর এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের।
রোববার (১৯ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের মো. আশিকের স্ত্রী জুবাইদা আক্তার জবাকে শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে প্রসববেদনা ও পানি ভাঙা অবস্থায় স্টার স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের অভিযোগ, ওই সময় সংশ্লিষ্ট চিকিৎসক হাসপাতালে উপস্থিত ছিলেন না। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করে জানায়, মা ও গর্ভের সন্তান দুজনই সুস্থ আছেন এবং পরদিন সিজারিয়ান অপারেশন করা হবে। রাতে তাকে স্যালাইন দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়।
স্বজনদের দাবি, রোববার সকালে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলেও দ্রুত সিজারের ব্যবস্থা নেওয়া হয়নি। পরে তাদের পূর্বনির্ধারিত চিকিৎসকের পরিবর্তে জেনারেল সার্জন ও সনোলজিস্ট ডা. আব্দুল আজিজ অস্ত্রোপচার করেন। অপারেশনের পর নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।
নিহত নবজাতকের বাবা মো. আশিক বলেন, “আমার স্ত্রীকে আশঙ্কাজনম অবস্থায় হাসপাতালে ভর্তি করার পরও দ্রুত সিজার করা হয়নি। বারবার বলা হয়েছে মা ও বাচ্চা ভালো আছে। পরে অন্য চিকিৎসক দিয়ে সিজার করানো হয়। আমার সন্তানের মৃত্যু হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।”
অভিযোগের বিষয়ে স্টার স্পেশালাইজড হাসপাতালের ম্যানেজার বিপ্লব বলেন, “আমাদের শিফট পরিবর্তন হয়েছে। তাই ঘটনাটির সব বিষয় আমার জানা নেই।” তবে চিকিৎসা অবহেলার অভিযোগ নিয়ে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ টাইমস/এসএস/সিই











