উল্টো রথ টানার মাধ্যমে সিরাজগঞ্জে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব – Sirajganj Times

উল্টো রথ টানার মাধ্যমে সিরাজগঞ্জে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব

সিরাজগঞ্জে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব।-ছবি: প্রতিবেদক

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে শহরের প্রায় দুইশ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালীবাড়ী গোবিন্দবাড়ী ধর্মসভা মন্দির প্রাঙ্গণ থেকে এ উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়।

মন্দির কমিটির সভাপতি শ্রী জীবন কুমার বিশ্বাসের নেতৃত্বে আয়োজিত শোভাযাত্রায় বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও আনন্দঘন পরিবেশে পুরো শহরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে রুমানা মাহমুদ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই চেতনাকে ধারণ করেই সবাই শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদযাপন করছে।”

অনুষ্ঠান শেষে মন্দির কমিটির সভাপতি শ্রী জীবন কুমার বিশ্বাস বলেন, সকলের সহযোগিতায় এ বছরের উল্টো রথযাত্রা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রেখে এ আয়োজন অব্যাহত থাকবে।

এসময় সনাতন ধর্মাবলম্বী ভক্ত, মন্দির কমিটির নেত্রীবৃন্দ এবং জেলার রাজনৈতিক নেত্রীবৃন্দ ও  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

সিরাজগঞ্জ টাইমস/এসএএ/সিই