সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নাকে প্রাণনাশের হুমকি, তার ছেলে শাফিন আহমেদ জিসানকে তুলে নিয়ে হত্যার হুমকি এবং পরিবারের সদস্যদের হেনস্তার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুর গ্রেপ্তার ও দলীয় বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শরিফুল ইসলাম ইন্নার স্ত্রী ও শাফিন আহমেদ জিসানের মা শাপলা আহমেদ। এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে দাবি পূরণ না হলে মঙ্গলবার সকাল ১০টা থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে শাপলা আহমেদ অভিযোগ করেন, গত রোববার (২৬ জুলাই) রাতে ছানোয়ার হোসেন সানু তার ছেলে শাফিন আহমেদ জিসানকে ফোন করে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেন। একইসঙ্গে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তার স্বামী সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি দেন। তিনি দাবি করেন, ঘটনার একটি কল রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের জেরে এ ঘটনার সূত্রপাত। পরে তার ছেলে একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্য ফেসবুকে প্রকাশ করলে ক্ষুব্ধ হয়ে ছানোয়ার হোসেন সানু ফোনে হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
শাপলা আহমেদ বলেন, একজন মা ও নারী হিসেবে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই অভিযুক্ত ছানোয়ার হোসেন সানু ও তার ভাই সনি আহমেদ শামীমের দ্রুত গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তিনি আরও জানান, এর আগে গত ১৪ জুন সাংবাদিক শরীফুল ইসলাম ইন্না পরিবারের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করেন। পাশাপাশি সিরাজগঞ্জের পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিক শরিফুল ইসলাম ইন্নার মা ও সাবেক কাউন্সিলর বেগম খালেদা মান্নান, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ টাইমস/এসএস/সিই/







