সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পরিবারের সদস্যরা। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে শহরের বাজার স্টেশন এলাকায় পূর্বঘোষিত এ কর্মসূচি শুরু করেন ইন্নার স্ত্রী ও ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানের মা শাপলা আহমেদ।
অনশনস্থলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ছানোয়ার হোসেন সানুর বিরুদ্ধে হত্যার হুমকি, অশ্লীল ভাষায় গালিগালাজ এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানোর অভিযোগ থাকলেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে তারা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।
এর আগে সোমবার (২৭ জুলাই) সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শাপলা আহমেদ অভিযোগ করেন, গত রোববার রাতে ফোনে তার ছেলে শাফিন আহমেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং তার স্বামী শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনার একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদকের একটি ফেসবুক পোস্ট এবং পরে তার ছেলের দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই ছানোয়ার হোসেন সানু ফোনে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন।
শাপলা আহমেদ বলেন, তার ছেলে ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ছানোয়ার হোসেন সানু এবং তার ভাই সনি আহমেদ শামীমকে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে অভিযুক্তকে দল থেকে বহিষ্কারের দাবিও জানান তিনি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন তিনি।
এরআগে, গেল ১৪ জুন পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না। একই ঘটনায় সিরাজগঞ্জের পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
সিরাজগঞ্জ টাইমস/এএম/সিই





