সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশনের পর কর্মসূচি স্থগিত করেছে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পরিবার। তবে মঙ্গলবারের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে বুধবার (২৯ জুলাই) সকাল ১০টা থেকে আবারও সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মঙ্গলবার (২৮ জুলাই) শহরের বাজার স্টেশন এলাকায় কয়েক ঘণ্টা অনশন ও বিক্ষোভ কর্মসূচি শেষে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন পরিবারের সদস্যরা।
অনশন কর্মসূচিতে অংশ নেওয়া ইন্নার স্ত্রী শাপলা আহমেদ বলেন, পরিবারের সদস্যদের হত্যার হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা আমরণ অনশন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। তিনি বলেন, “আজকের মধ্যে ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় বুধবার সকাল ১০টা থেকে আবারও সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।”
পরিবারের অভিযোগ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু ফোনে ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানকে হত্যার হুমকি দেন। একই সঙ্গে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করেন তারা।
এর আগে সোমবার সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শাপলা আহমেদ অভিযুক্তের গ্রেপ্তার, দলীয় বহিষ্কার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১৪ জুন পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন করা হয়। একই ঘটনায় সিরাজগঞ্জের পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ টাইমস/সিই





