সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের দিয়ার পাঁচিল বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হৃদয় এবং ইউনিয়ন বিএনপির নেতা মিলন সরকারের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শাদিদ হোসেন।
লিখিত অভিযোগে শাদিদ হোসেন বলেন, তিনি দিয়ার পাঁচিল বাজারে ‘সিনহা ট্রেডার্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। গত ২৭ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্ত মিলন সরকার মোবাইল ফোনে তাকে কল করে বিভিন্ন ধরনের হুমকি দেন। অভিযোগ অনুযায়ী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যদের সঙ্গে কথা বলা বা তাদের দোকানে বসতে না দেওয়ার জন্য তাকে ভয়ভীতি দেখানো হয়।
অভিযোগে আরও বলা হয়, একইদিন বিকেল প্রায় ৫টার দিকে চারটি মোটরসাইকেলে করে নাম উল্লেখিত ব্যক্তিরাসহ আরও কয়েকজন তার দোকানে এসে হামলা চালান। এ সময় দোকানে ভাঙচুর করা হয় এবং সেখানে থাকা লোকজনকে মারধর করা হয়। এতে দোকানের প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, হামলার একপর্যায়ে অভিযুক্ত হৃদয় দোকানের ক্যাশ ড্রয়ার থেকে প্রায় ২৫ হাজার টাকা নিয়ে যান। বাধা দিতে গেলে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্তরা চলে যান।
শাদিদ হোসেন বলেন, ঘটনার বিচার চেয়ে তিনি সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। পাশাপাশি বিষয়টি জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদেরও অবহিত করবেন বলে জানান। তার অভিযোগ, এর আগেও অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিল। তবে সাংগঠনিকভাবে ব্যবস্থা না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছেন। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত হৃদয় ও মিলন সরকারের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে অভিযোগের বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে অভিযোগকারী জানিয়েছেন।
সিরজগঞ্জ টাইমস/সিই





