সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ – Sirajganj Times

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত। ছবি: রহমত আলী

সিরাজগঞ্জের সদানন্দপুর (শহীদ এম মনসুর আলী স্টেশন) রেলওয়ে স্টেশনের নিকটবর্তী স্থানে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি শহীদ এম মনসুর আলী স্টেশনে প্রবেশের সময় একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়। বিকট শব্দে বগিটি লাইনচ্যুত হলে ট্রেনচালক তাৎক্ষণিক জরুরি ব্রেক প্রয়োগ করেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর রেললাইন অবরুদ্ধ হয়ে পড়ায় ঢাকাগামী ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। রেলওয়ে সূত্র জানায়,  যমুনা সেতুর পূর্ব পাশে ইব্রাহিমাবাদ স্টেশনে রংপুর এক্সপ্রেস এবং পশ্চিম পাশে সয়দাবাদ স্টেশনে নীলসাগর এক্সপ্রেস আটকা রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, লাইনচ্যুত বগিটি উদ্ধারে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন রওনা হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বগি সরানোর পর রেল চলাচল স্বাভাবিক হবে। উদ্ধারকাজ শেষ হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদ সংগ্রহ চলমান. . .

 

সিরাজগঞ্জ টাইমস/সিই