সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত: তদন্তে ৫ সদস্যের কমিটি – Sirajganj Times

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত: তদন্তে ৫ সদস্যের কমিটি

সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে যমুনা সেতুর পশ্চিমপাড়ে শহীদ এম. মনসুর আলী স্টেশনে প্রবেশের সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে লাইনচ্যুত ট্রেনের কারণে নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, বুড়িমাড়ি এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেসসহ অন্তত পাঁচটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বৃষ্টির কারণে তাদের ভোগান্তি আরও বেড়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম জানান, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের (পাকশী) বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্যরা হলেন বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) রবিউল ইসলাম, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ এবং বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহর তানিম।

পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম জানান, লাইনচ্যুত বগিটির দুটি চাকা সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যে একটি চাকা লাইনের বাইরে ছিটকে পড়ে।

তিনি আরও জানান, পাকশী থেকে রিলিফ ট্রেন দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। ট্রেনটি উদ্ধার এবং রেল চলাচল স্বাভাবিক করতে অন্তত তিন ঘণ্টা সময় লাগতে পারে।

 

সিরাজগঞ্জ টাইমস/সিই