সিসকে ছাত্রীদের শরীরে স্পর্শ: ল্যাব সহকারীর শাস্তিমূলক বদলি – Sirajganj Times

সিসকে ছাত্রীদের শরীরে স্পর্শ: ল্যাব সহকারীর শাস্তিমূলক বদলি

মো. শুকুর আলী, ল্যাব সহকারী, সিসক।- ছবি: সিরাজগঞ্জ টাইমস

এইচএসসি ও সমমানের রসায়ন ব্যবহারিক পরীক্ষা চলাকালে সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রীদের শরীরে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট মো. শুকুর আলীর বিরুদ্ধে। এ ঘটনায় ২১ শিক্ষার্থী কলেজের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর ওই কর্মচারীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার আদিনাথপুর সরকারি কলেজে বদলি করা হয়েছে।

জানা গেছে, বুধবার (১২ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজে এইচএসসি রসায়ন ব্যবহারিক পরীক্ষা চলছিল। এ সময় মাওলানা ভাসানী কলেজের ‘জ’ গ্রুপের ছাত্রীরাও পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে ল্যাব অ্যাসিস্ট্যান্ট মো. শুকুর আলীর বিরুদ্ধে ছাত্রীদের শরীরের স্পর্শকাতর স্থানে অনাকাঙ্ক্ষিতভাবে হাত দেওয়ার অভিযোগ ওঠে। একই সঙ্গে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে জোর করে ১০০ টাকা নেওয়ার অভিযোগও করেন তারা।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) মাওলানা ভাসানী কলেজের ২১ শিক্ষার্থী স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের কাছে দেওয়া হয়। অভিযোগে ল্যাব অ্যাসিস্ট্যান্ট শুকুর আলীর আচরণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এক শিক্ষার্থী বলেন, হাজিরা খাতায় স্বাক্ষর করার কথা বলে ল্যাব অ্যাসিস্ট্যান্ট সবার শরীরে হাত দিয়েছেন। শিক্ষক উপস্থিত থাকাকালীন এবং শিক্ষক চলে যাওয়ার পরও এমন আচরণের চেষ্টা করা হয়েছে। এ সময় তারা নিজেদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। এছাড়া জনপ্রতি ১০০ টাকা করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মহিদুল হাসান বলেন, বিষয়টি জানার পরই ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই ল্যাব অ্যাসিস্ট্যান্টকে চাঁপাইনবাবগঞ্জ জেলার আদিনাথপুর সরকারি কলেজে বদলি করা হয়েছে।

এদিকে, লিখিত অভিযোগকারী শিক্ষার্থীরা বলছেন, অনৈতিক আচরণের অভিযোগে শুধু বদলি যথেষ্ট নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

 

সিরাজগঞ্জ টাইমস/সিই