উল্লাপাড়ায় ট্রান্সফরমার চুরি, চোরচক্রের ০২ সদস্য শাহজাদপুরে গ্রেফতার – Sirajganj Times

উল্লাপাড়ায় ট্রান্সফরমার চুরি, চোরচক্রের ০২ সদস্য শাহজাদপুরে গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত চোরচক্রের দুই সদস্যকে র‍্যাবের বিশেষ অভিযানে শাহজাদপুর গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে চুরি যাওয়া ট্রান্সফরমারের অংশবিশেষও উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, গেল ২৭ জানুয়ারি রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার রাউতান গ্রামে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরি হয়। পরে ঘটনাস্থলে গিয়ে ট্রান্সফরমারের খোলা বডি পড়ে থাকতে দেখে সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে থানায় এবং র‍্যাবকে বিষয়টি জানায় পল্লী বিদ্যুতের কর্মকর্তারা।

এ ঘটনার পরপরই অভিযানে নামে র‍্যাব । ২৮ জানুয়ারি বিকেল ৩টা ১৫ মিনিটে রাউতান গ্রাম থেকে চুরি যাওয়া ট্রান্সফরমারের খোলা অংশ উদ্ধার করা হয়। এরপর রাত ৮টায় শাহজাদপুর উপজেলার তালগাছি বাজার এলাকা থেকে চোরচক্রের দুই সদস্য নুরু ও রিপনকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা জেলার বেড়া থানার হাটুরিয়া জগন্নাথপুর গ্রামে অভিযান চালিয়ে পলাতক আসামি আহমেদ শেখের বাড়ি থেকে চুরি যাওয়া ট্রান্সফরমারের ২২.৮ কেজি তামার তার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার হাটসারটিয়া এলাকার মফিজ প্রামাণিক ওরফে খুদুর ছেলে মোঃ নুরুল ইসলাম নুরু (৩৫)। ও শাহজাদপুরের তালগাছি গ্রামের মোঃ খোকন মিয়ার ছেলে মোঃ রিপন মিয়া (৩২)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উল্লাপাড়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১২। এছাড়াও পলাতক অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।