চৌহালীতে মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন – Sirajganj Times

চৌহালীতে মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের চৌহালীতে বিএনপি নেতাদের নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মো. জাহিদ মোল্লা অভিযোগ করে বলেন, গত ২২ জানুয়ারি উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের মো. ওসমান আলী বাদী হয়ে আমার নামসহ আরও ১০ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে সিরাজগঞ্জ আমলী আদালতে একটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছেন। এটি একটি কুচক্রী মহলের রাজনৈতিক প্রতিহিংসার অংশ এবং আমাদের হয়রানি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে করা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একজন মামলাবাজ ব্যক্তিকে ব্যবহার করা হয়েছে। আমরা এই হয়রানিমূলক মামলার তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ক্বারি মায়নুল ইসলাম, সাবেক সভাপতি ইউনূস সিকদার, আনোয়ার ভিপি, যুগ্ম সম্পাদক আলমগীর টাইগার, মো. জবিউল্লাহ জবি সহ দুই শতাধিক বিএনপি নেতাকর্মী।

বক্তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং অনতিবিলম্বে এ ধরনের রাজনৈতিক হয়রানি বন্ধের আহ্বান জানান।

সিরাজগঞ্জ টাইমস/সি/ই