সিরাজগঞ্জে শুরু হয়েছে কাটাখালি খাল পরিচ্ছন্নতা অভিযান। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে খাল পরিষ্কার করার এই উদ্যোগের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
“কাটাখালি খাল পরিস্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি” এই শ্লোগানে ‘তারুণ্য উৎসব ২০২৫’ উপলক্ষে নেয়া এই অভিযানে সিরাজগঞ্জ স্কাউট ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক। এরপর খালের পাশে বৃক্ষরোপণ করা হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য দেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন, পৌর প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও খাল রক্ষার এ কার্যক্রম নিয়মিত চলবে।











