থানারোড-মিলনমোড় সংঘর্ষে আহত ৪০ – Sirajganj Times

থানারোড-মিলনমোড় সংঘর্ষে আহত ৪০

সংঘর্ষ থামাতে গিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আহত

সিরাজগঞ্জ পৌর শহরের মিলনমোড় ও থানারোড এলাকার দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্তত ৪০জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর-দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটে অগ্নিসংযোগের ঘটনাও। 
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী)  সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের মিলনমোড় ও থানারোড এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে মেডিনোভা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে থানা রোড এলাকার একটি বসতবাড়ি নির্মাণকে কেন্দ্র করে থানা রোড ও মিলনমোড় মহল্লার যুবকদের মধ্যে দ্বন্দ্ব ও সংঘর্ষ বাঁধে। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দুমহল্লার মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হয়। সংবাদ পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। এক পর্যায়ে একটি ইটের বড় টুকরো বাচ্চুর বুকের ডান পাশে লাগে। এতে সে গুরুতর আহত হয়। এছাড়াও সংঘর্ষ চলাকালে ফাহিম, সেন্টু ও সোহানসহ অন্তত ৩০জন আহত হয়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানয়রা সাইদুর রহমান বাচ্চুকে তাকে উদ্ধার করে শহরের মেডিনোভা হাসপাতালে ভর্তি করে।

আহত জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, দুটি মহল্লার মানুষের মধ্যে ঐক্যের বন্ধন অটুট রাখতে সংঘর্ষ থামাতে গেলে বুকের ডানপাশে ইটের আঘাত লেগেছে। হাসপাতালে ভর্তি হয়েছি। চিকিৎসা শেষে বাসায় ফিরবো। আমি সবার দোয়া চাই।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, র‌্যাব-পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।