সিরাজগঞ্জের শাহজাদপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার পরপরই ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহত রোমানা খাতুন উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামের মোতাহার হোসেনের মেয়ে এবং অভিযুক্ত স্বামী আশরাফুল ইসলাম সোহাগের স্ত্রী।
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, এক বছর আগে পাশের উপজেলা উল্লাপাড়ার সোনতলা গ্রামের মোতাহার হোসেনের মেয়ে রোমানাকে বিয়ে করেন শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের আশরাফুল ইসলাম সোহাগ। তবে বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল।
বৃহস্পতিবার ভোরে তাদের মধ্যে আবারো কথা-কাটাকাটি হলে একপর্যায়ে আশরাফুল ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই রোমানার মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।











