স্বৈরাচারের পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে সজাগ থাকতে হবে – সিরাজগঞ্জে ড. ইউনুস – Sirajganj Times

স্বৈরাচারের পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে সজাগ থাকতে হবে – সিরাজগঞ্জে ড. ইউনুস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস বলেছেন, এ দেশের ছাত্র, শ্রমিক ও জনতা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ সৃষ্টি করেছে। এখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে উপযোগী করে গড়ে তুলতে হবে। দেশের জন্য কোনো ত্যাগ বৃথা যায় না। আর যেন কোনো স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের হার্ড পয়েন্ট স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র-২ এ ৭ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা)-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

স্কাউট জীবনের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা আরও বলেন, কমডেকায় অংশগ্রহণকারীরা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় জনগণের কল্যাণে জনস্বাস্থ্য ও স্যানিটেশন নিশ্চিতকরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিয়োজিত থাকবে। জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ সরকার সবসময় স্কাউটদের পাশে থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি এম সিরাজ উদ্দিন মিয়া, বাংলাদেশ স্কাউটস অ্যাডহক কমিটির সদস্য সচিব ও কমডেকা প্রধান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সদস্য এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।

ইতিমধ্যে ৩৯৮টি রোভার স্কাউট দলের সদস্য, রোভার লিডার ও স্বেচ্ছাসেবীরা কমডেকায় অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করেছেন। গতকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের কমডেকাকে আকর্ষণীয় করতে “সেবা সমূহ, মঞ্চায়ন ও স্মৃতির সিঁড়ি” শীর্ষক শিক্ষনীয়, বৈচিত্র্যময় ও চ্যালেঞ্জিং কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে।