সিরাজগঞ্জে দুই মহল্লার সংঘর্ষ, যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ৪ – Sirajganj Times

সিরাজগঞ্জে দুই মহল্লার সংঘর্ষ, যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ৪

সিরাজগঞ্জ পৌর এলাকার বাহিরগোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে চারজনকে গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় বাহিরগোলায় দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির জেরে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একাধিক দফায় সংঘর্ষ চলাকালে কমপক্ষে ১০ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনীর একটি পেট্রোল টিম লেফটেন্যান্ট তাওহীরের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পুলিশের সহযোগিতায় র‌্যাব ও প্রশাসনের কর্মকর্তারা মোবাইল কোর্ট পরিচালনা করে চারজনকে আটক করেন। আটককৃতদের সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর অভিযানের পর বাহিরগোলা এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

এ বিষয়ে দায়িত্বরত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, “যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”