৩৮ ঘণ্টা পর চৌহালীতে যমুনায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার – Sirajganj Times

৩৮ ঘণ্টা পর চৌহালীতে যমুনায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া মিরাজুল ইসলাম (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩৮ ঘণ্টা পর মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর নৌকা ঘাট সংলগ্ন যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করে তার পরিবার।

মিরাজুল ইসলাম সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের উত্তর হাটাইল গ্রামের বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য মৃত আনোয়ার হোসেনের ছেলে।

মিরাজুলের চাচা বাবু মিয়া জানান, গত রোববার (৬ এপ্রিল) বিকেলে চরছলিমাবাদ (ভূতের মোড়) এলাকার যমুনা নদীতে ছোট বোনদের সঙ্গে গোসল করতে নেমেছিলেন মিরাজুল। সবার অগোচরে নদীর প্রবল স্রোতে ভেসে যান তিনি। স্থানীয়রা জাল ও নৌকা নিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সোমবার ডুবুরি দল এসে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পায়নি।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় কয়েকজন জেলে যমুনা নদীতে একটি লাশ ভাসতে দেখে পরিবারকে খবর দেন। পরে পরিবারের লোকজন নৌকা নিয়ে গিয়ে লাশটি শনাক্ত করে উদ্ধার করেন।