নদী থেকে উদ্ধার হলো থানা থেকে লুট হওয়া অস্ত্র-সরঞ্জাম – Sirajganj Times

নদী থেকে উদ্ধার হলো থানা থেকে লুট হওয়া অস্ত্র-সরঞ্জাম

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে লুট হওয়া ১২টি গ্যাস সেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে জেলার উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দি এলাকার স্বরসতী নদী থেকে এসব গ্যাস সেল উদ্ধার করা হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, নদীর পানির স্তর কমে যাওয়ায় সকালে স্থানীয় কয়েকজন যুবক সেখানে মাছ ধরতে গিয়ে একটি পলিথিনে মোড়ানো প্যাকেট দেখতে পান। খুলে দেখেন ভেতরে রয়েছে গ্যাস সেল। বিষয়টি তাৎক্ষণিকভাবে তারা পুলিশকে জানালে সলঙ্গা থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে গ্যাস সেলগুলো উদ্ধার করে।

ওসি আরও জানান, গত ৪ আগস্ট হাটিকুমরুল হাইওয়ে থানায় সংঘটিত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় থানার বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম খোয়া যায়। উদ্ধার হওয়া গ্যাস সেলগুলো ওই সময় লুট হওয়া অস্ত্রের অংশ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেগুলো ৩৮ এমএম সাইজের গ্যাস সেল, যা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া গ্যাস সেলগুলো পরীক্ষা-নিরীক্ষা ও মামলার আলামত হিসেবে সংরক্ষণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি কারা এগুলো নদীতে ফেলে দিয়েছিল সে বিষয়ে তদন্ত চলছে।