সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতা আজাদ হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়াত নেতার বিরুদ্ধে। শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে উপজেলার পৌর শহরের থানার মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত আজাদ হোসেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব। অভিযোগ উঠেছে, পৌর জামায়াতের নেতা হাফিজুর রহমানের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। এসময় হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক জানান, পৌর বাস টার্মিনাল থেকে নিয়মিত টোল আদায় করে জামায়াত-শিবির। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) টার্মিনাল মালিক সমিতি দখল করে তারা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নামিয়ে ফেলে। প্রতিবাদ করতে গেলে আমরা তাদের সেখান থেকে সরিয়ে দিই। এর প্রতিশোধ নিতে আজ হামলা চালানো হয়।
জামায়াত নেতা হাফিজুর রহমানের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, এটি জামায়াতের কোনো সাংগঠনিক বিষয় নয়, ব্যক্তিগত বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে। তবে তিনি অভিযোগ করেন, এ ঘটনার পর তার ভাই ব্যাংক কর্মকর্তা গোলাম মোস্তফাকে বিএনপির নেতাকর্মীরা থানায় ধরে নিয়ে গেছেন।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সামিউল ইসলাম জানান, আজাদ হোসেনের মাথার খুলি ফেটে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বগুড়ায় রেফার করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর বলেন, জুমার নামাজ শেষে আজাদ হোসেন থানার সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় কালো পাঞ্জাবি ও টুপি পরা একজন যুবক হঠাৎ তার ওপর হামলা চালায়। হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে।











