সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগে তার নানি লালবানু (৬০)-কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩০ মে) রাতে ব্রাহ্মণগ্রামের মৃত শুকুর আলী সরকারের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
শনিবার (৩১ মে) দুপুরে নিহতের বাবা নাহিদ আলম স্ত্রী ও শাশুড়িসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। নাহিদ ঢাকায় চাকরি করেন, আর লাবনী তার মায়ের (নার্গিস খাতুন) সঙ্গে নানা বাড়িতে থেকে খাজা ইউনুস আলী ইংলিশ মিডিয়াম স্কুলে নার্সারিতে পড়াশোনা করতো।
শিশুর পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই নানা-নানির বাড়িতে লাবনী শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিল। দাদা আব্দুস ছালাম প্রামানিক বলেন, বাবা খরচের টাকা পাঠালেও মেয়েকে ঠিকমতো দেওয়া হতো না।
নাহিদ আলম বলেন, “পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। দুই মেয়ের মধ্যে ফুলের মতো বড় মেয়েটিকে নির্মমভাবে পিটিয়ে, গলাটিপে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই, ফাঁসি চাই।”
এনায়েতপুর থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, মরদেহের মাথা ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ টাইমস/সিই





