সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন মোছা: কদভানু (৬০) নামের এক মানসিক ভারসাম্যহীন নারী। নিখোঁজের ২৪ ঘণ্টা পার হলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ কদভানু উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের দক্ষিণ জোতপাড়া গ্রামের মৃত জকিম উদ্দিনের স্ত্রী। স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বাড়ির পাশের যমুনায় গোসল করতে নামলে তিনি নিখোঁজ হন। এরপর স্বজনরা খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় সেদিন তারা উদ্ধারকাজে নামতে পারেনি।
খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবলু বলেন, “গতকাল দুপুরে নদীতে গোসল করতে নেমে ওই নারী নিখোঁজ হন। বুধবার সকালে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে এক ঘণ্টার মতো চেষ্টা চালালেও তাকে খুঁজে পায়নি।”
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার রবিউল ইসলাম জানান, “আমরা উদ্ধার অভিযান চালিয়েছি। কিন্তু নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি।”











