যমুনা নদীর ভয়াল ভাঙন, দুর্গম যোগাযোগ ব্যবস্থা, সীমিত স্বাস্থ্যসেবা, বেকারত্ব ও অবকাঠামোগত সংকটে দীর্ঘদিন ধরেই পিছিয়ে রয়েছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৭ নং বাঘুটিয়া ইউনিয়ন। এমন বাস্তবতায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাঘুটিয়াকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন তরুণ চেয়ারম্যান পদপ্রার্থী ও সাংবাদিক আল ইমরান মনু।
একান্ত সাক্ষাৎকারে সিরাজগঞ্জ টাইমসকে তিনি বলেন, “আমার লক্ষ্য শুধু নির্বাচন নয়, একটি নিরাপদ, উন্নত ও জনবান্ধব বাঘুটিয়া গড়ে তোলা। জনগণ আমাকে দায়িত্ব দিলে, বাঘুটিয়ার উন্নয়নের প্রতিটি দাবিকে সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দিয়ে বাস্তবায়নের জন্য ধারাবাহিকভাবে কাজ করব। ”
আল ইমরান মনু বলেন, “জনগণের প্রতিনিধি হয়ে সরকারের সঙ্গে সমন্বয় করে নান মুখি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং মানুষের ন্যায্য অধিকার আদায়েকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দায়িত্ব পালন করতে চাই।” জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সকল নাগরিক সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।
তিনি জানান, নির্বাচিত হলে প্রথমেই বাঘুটিয়াইউনিয়নের জরাজীর্ণ সড়কগুলোর তালিকা তৈরি করে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এলজিইডিসহ সংশ্লিষ্ট দপ্তরের সহায়তায় নতুন সড়ক নির্মাণের করে দীর্ঘদিনের যোগাযোগ সংকট দূর করতে কাজ করবে তার নেতৃত্বাধীন পরিষদ।
যমুনা নদীর অব্যাহত ভাঙনকে বাঘুটিয়ার সবচেয়ে বড় সংকট উল্লেখ করে আল ইমরান মনু বলেন, “নদীভাঙনের কারণে এই ইউনিয়ন বছরের পর বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ভাঙনরোধে স্থায়ী সমাধানে কাজ করতে চাই। একই সঙ্গে ভাঙনকবলিত পরিবারগুলো যেন সরকারি সহায়তা পায়, সেজন্যও কাজ করব।”
স্বাস্থ্যসেবার বিষয়ে তিনি বলেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে। পাশাপাশি নিয়মিত বিনামূল্যে উন্নতমানের স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হবে, যাতে গ্রামের সাধারণ মানুষ সহজে চিকিৎসাসেবা পান।
শিক্ষা খাতেও পরিবর্তনের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
মাদক ও অপরাধ নিয়ন্ত্রণেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন এই চেয়ারম্যান প্রার্থী। তিনি বলেন, “শুধু আইন প্রয়োগ নয়, যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করেই মাদকের বিস্তার প্রতিরোধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে চাই।”
বেকারত্ব কমাতে তিনি নতুন পরিকল্পনার কথাও জানান। তার ভাষ্য, যমুনা নদী ও স্থানীয় জলাশয়কে কাজে লাগিয়ে মাছ চাষ সম্প্রসারণের মাধ্যম এবং আধুনিক কৃষি ও খামার সৃষ্টি করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। পাশাপাশি শিক্ষিত বেকারদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে ফ্রিল্যান্সিংসহ তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরির চেষ্টা করা হবে।
ইউনিয়নের খেলার মাঠ সংরক্ষণ, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন এবং তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রতিশ্রুতিও দেন আল ইমরান মনু।
স্থানীয়দের একটি অংশের দাবি, আল ইমরান মনু দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন সময়ে ভাঙাচোরা রাস্তা সংস্কার এবং বর্ষাকালে অস্থায়ী সাঁকো নির্মাণসহ নানা সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছে। এ কারণে ইউনিয়নের তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তার প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
সিরাজগঞ্জ টাইমস/আইএইচএ/সিই









