দেশজুড়ে সুনাম ছড়াচ্ছে তাড়াশের খেজুর গুড় – Sirajganj Times

দেশজুড়ে সুনাম ছড়াচ্ছে তাড়াশের খেজুর গুড়

শীত বেড়েছে। একইসঙ্গে সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত তাড়াশেও বেড়েছে খেজুর গুড় তৈরির ব্যস্ততা। পৌষ-মাঘের ভরা মৌসুমে সুস্বাদু খেজুর গুড় তৈরির ধুম পড়েছে পাড়ায় পাড়ায়। খেজুর গাছের রস থেকে গুড় তৈরিতে রাত-দিন ব্যস্ত সময় পার করছেন এ অঞ্চলের গুড় তৈরির কারিগররা।

শীত মৌসুমের শুরুতে সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ এলাকায় আসেন রাজশাহী, পাবনা ও নাটোর অঞ্চলের মৌসুমি গাছিরা। এরপর স্থানীয়দের কাছ থেকে এসব খেজুর গাছ ইজারা নেন তারা। প্রতিদিন কাকডাকা ভোরে সুর্যোদয়ের আগ থেকে খেজুরের রস সংগ্রহ শুরু করে গাছিরা। পরে সেই রস বড়পাত্রে কয়েক ঘণ্টা জাল করে তৈরি করা হয় সুসাদু গুড়। সবশেষে, হরেক রকম ছাচে বসিয়ে গুড়গুলো বাজারজাত করা হয়।

৫ থেকে ৬ সদস্যের একদল গাছি প্রতিদিন প্রায় ৪০ থেকে ৬০ কেজি গুড় তৈরি করেন। কারিগররা বলছেন, গুণগত মান ও স্বাদে ভালো হওয়ায় তাড়াশের উৎপাদিত গুড়ের চাহিদাও বাড়ছে দেশজুড়ে।

সঠিক পদ্ধতিতে রস সংগ্রহের মাধ্যমে গুণগত মান সম্পন্ন গুড় তৈরিতে গাছিদের পরামর্শ দিয়ে আসছে স্থানীয় কৃষি বিভাগ।

চলতি মৌসুমে জেলার বিভিন্ন উপজেলায় ১০ হাজার খেজুর গাছ থেকে প্রায় ১৪০ মেট্রিকটন গুড় উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এসব গুড় পাইকারি বাজারে ২ থেকে ৩০০ টাকা কেজিতে বিক্রি হয় বলে জানা গেছে।

সিরাজগঞ্জ টাইমস/সি/ই