১০ দফা দাবিতে বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ – Sirajganj Times

১০ দফা দাবিতে বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ

সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে ১০ দফা দাবিতে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদের ডাকে রোববার (২৬ মে) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে।

সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপো এলাকায় সকাল থেকে অচলাবস্থা দেখা দিয়েছে। ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে কার্যক্রম। অলস সময় কাটাচ্ছেন ট্যাংকলরির চালক ও শ্রমিকরা। এর ফলে উত্তরাঞ্চলের ১৬ জেলা ছাড়াও টাঙ্গাইল, শেরপুর ও জামালপুরে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে।

উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বলেন, “বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ডাকে ১০ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। তবে দুপুর ২টার পর থেকে ডিপো থেকে আবারও তেল উত্তোলন ও সরবরাহ শুরু হবে।”

কর্মসূচির কারণে দিনভর উত্তরের বিভিন্ন এলাকায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ থাকলেও বিকেলের পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।