সরকারের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার: বাঘাবাড়ি ওয়েল ডিপোতে তেল উত্তোলন শুরু – Sirajganj Times

সরকারের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার: বাঘাবাড়ি ওয়েল ডিপোতে তেল উত্তোলন শুরু

১০ দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে দেশের পেট্রোল পাম্প মালিক ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদ তাদের পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে। ফলে রোববার (২৬ মে) দুপুর ২টা থেকে পুনরায় চালু হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ।

বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির ডাকে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধর্মঘট পালিত হয়। এ সময় উত্তরাঞ্চলের ১৬ জেলা ছাড়াও টাঙ্গাইল, শেরপুর, জামালপুরে তেল সরবরাহ বন্ধ ছিল।

উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান জানান, “৮ ঘণ্টার ধর্মঘট পালনের পর সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়ায় আপাতত আর কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।”

দুপুরের পর থেকে বাঘাবাড়ি ডিপো এবং জেলার পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল উত্তোলন ও বিক্রি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

সিরাজগঞ্জ টাইমস/এনকেআর/সিই