সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ব্রাইট হেলথ হাসপাতাল ভবনে নিজস্ব চেম্বারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বেলকুচি প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শহীদুল ইসলাম সরকার।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, এক যুগেরও বেশি সময় ধরে বেলকুচি প্রেসক্লাবে কোনো নির্বাচন হয়নি, গঠিত হয়নি নতুন কোনো কমিটি। লিখিত কোনো গঠনতন্ত্র না থাকায় অনিয়মতান্ত্রিকভাবে সংগঠনটি পরিচালিত হচ্ছে বলে দাবি তার। এই সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে অনিয়মের চর্চা অব্যহত রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা সাইদুর রহমান প্রেসক্লাবের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। নির্বাচন ছাড়া তিনি স্বেচ্ছাচারীভাবে সভাপতির দায়িত্ব আঁকড়ে আছেন এবং নিজস্ব প্রভাবে প্রেসক্লাবকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করছেন। এর ফলে মূলধারার সাংবাদিক ও নতুন প্রজন্মের গণমাধ্যমকর্মীরা আগ্রহ হারাচ্ছেন।
সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম সরকার সাত দিনের মধ্যে বেলকুচি প্রেসক্লাবের বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠনের জোর দাবি জানান।
সিরাজগঞ্জ টাইমস/সিই







