ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষা করতে হবে: মাহিন সরকার – Sirajganj Times

ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষা করতে হবে: মাহিন সরকার

সিরাজগঞ্জের বেলকুচিতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব মাহিন সরকার। বুধবার (১ অক্টোবর) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন এলাকায় পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং আয়োজকদের সাথে মতবিনিময় করেন।

এ সময় মাহিন সরকার বলেন, “অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশ। প্রত্যেক ধর্মের ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষা করতে হবে। এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই মিলেই বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করতে হবে। কোনো ধর্মীয় চেতনাকে আঘাত করার সুযোগ দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “প্রাচীনকাল থেকেই এই দেশে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে উৎসব পালন করে আসছেন। আমরা কোনো ধরনের ধর্মীয় গোঁড়ামি বরদাশত করবো না। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এনসিপি নেতৃবৃন্দও পূজা মণ্ডপ পর্যবেক্ষণে নিয়োজিত আছেন।”

পূজা মণ্ডপ পরিদর্শনকালে বেলকুচি উপজেলা এনসিপি প্রতিনিধি মুসা হাশেমীসহ উপজেলা নেতৃবৃন্দ মাহিন সরকারের সফরসঙ্গী ছিলেন।