হাদী হত্যার প্রতিবাদে বেলকুচিতে বিক্ষোভ – Sirajganj Times

হাদী হত্যার প্রতিবাদে বেলকুচিতে বিক্ষোভ

হাদী হত্যার প্রতিবাদে বেলকুচিতে বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র  শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে সর্বস্তরের নাগরিকদের ব্যনারে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

জানা যায়, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণা শেষ করে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত শরীফ ওসমান হাদীর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর প্রতিবাদে শুক্রবার জুমার নামাজ শেষে বেলকুচি উপজেলার আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুকুন্দগাতী বাজার যাত্রী ছাউনিতে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা শরীফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা প্রতিবাদী স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করেন। আয়োজকরা বলেন, নিরপরাধ হত্যাকাণ্ড ও দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের প্রতিবাদে জনগণ সবসময় রাজপথে থাকবে।

বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সিরাজগঞ্জ টাইমস/সিই/