তারুণ্যের উন্মাদনায় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাই-ফাই উৎসব – Sirajganj Times

তারুণ্যের উন্মাদনায় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাই-ফাই উৎসব

রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি উদ্ভাবনের সরাসরি প্রয়োগ নিয়ে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সাইন্স অ্যান্ড ফিকশন ফেয়ার বা ‘সাই-ফাই মেলা’। বুধবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে দিনব্যাপী এই আয়োজনে অংশ নেয় দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ের ৬২টি দল।

শিক্ষার্থীরা রোবো সকার, লাইন ফলোয়ার রোবট, উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন ও পোস্টার প্রেজেন্টেশনে অংশ নেয়। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে ছিল প্রযুক্তিনির্ভর চমক ও বাস্তব প্রয়োগযোগ্য ধারণা।

রোবো সকার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। লাইন ফলোয়ার রোবটে প্রথম স্থান অর্জন করে আয়োজক খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়। পোস্টার প্রেজেন্টেশন বিভাগে সেরা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

মেলার সমাপনী পর্বে বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ। মোহাম্মদ ইউসুফ বলেন, “উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকাশ ছাড়া ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। এই ধরনের আয়োজন সে পথেই আমাদের এগিয়ে নেয়।”

আয়োজক প্রতিনিধিদের একজন অধ্যাপক ড. হোসেন রেজা বলেন, “শুধু বইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীদের হাতে-কলমে বাস্তব অভিজ্ঞতা দিতে এই আয়োজন।”

প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা এবং বাস্তব প্রয়োগের সম্মিলনে এই আয়োজন আগামী দিনে প্রযুক্তিনির্ভর বাংলাদেশের স্বপ্ন পূরণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

সিরাজগঞ্জ টাইমস/ইইঅ/সিই