সুস্থতার সঙ্গী যমুনা পাড়ের ’ভোরের পাখি’ – Sirajganj Times

সুস্থতার সঙ্গী যমুনা পাড়ের ’ভোরের পাখি’

সূর্যের আধফোটা আলো। কাক ডাকা ভোর। কিচিরমিচির ডাকে প্রকৃতিতে যখন মুগ্ধতা ছড়ায় পাখিরা। সুস্থতার ডাকে সাড়া দিয়ে ঠিক সেই মুহুর্তে এক রাঙা পোশাকে যমুনা নদীর তীরে একে একে জড়ো হয় সিরাজগঞ্জের যমুনা পারে গড়ে ওঠা ভোরের পাখির ফিটনেস ক্লাবের সদস্যরা। 

সংগঠনটির সদস্যরা বলেন, একসময় এই শহরের বাসিন্দারা যে যার মতো একাকি শরীরচর্চা করতো। কিন্তু, ভোরের পাখির ফিটনেস ক্লাবের ছায়াতলে সুশৃঙ্খলভাবে সঠিক নিয়মে শরীর চর্চার সুযোগ পেয়েছে স্বাস্থ্য সচেতন মানুষেরা। প্রতিদিন সকালে দলবদ্ধভাবে হাটাহাটির পাশাপাশি নানা কৌশলে ব্যায়াম করেন তারা।

এই ক্লাবের কারণে নতুন করে বন্ধু খুজে পেয়েছেন অনেকে। বেড়েছে সামাজিক সম্প্রীতি। শরীর চর্চার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতি ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করেন ভোরের পাখির ফিটনেস ক্লাবের সদস্যরা।

২৫ জানুয়ারি ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে সংগঠনটি। প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ছিল নানা আয়োজন। একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বাদ্য-বাজনার তালে তালে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সাংস্কৃতিক পরিবেশনা ও চড়ুইভাতির আয়োজনও করা হয় দিবসটি উপলক্ষে।