স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তারের দাবিতে দ্বিতীয় দিনের অনশনে সাংবাদিকের পরিবার – Sirajganj Times

স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তারের দাবিতে দ্বিতীয় দিনের অনশনে সাংবাদিকের পরিবার

দ্বিতীয় দিনের অনশনে সাংবাদিক ইন্না’র পরিবার। - ছবি: সিরাজগঞ্জ টাইমস

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভি ও দৈনিক আমার দেশ-এর সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুর গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছে সাংবাদিকের পরিবার।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন চত্বরে এই অনশন কর্মসূচি চলতে থাকে। এতে সংহতি জানিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন। বিকেলে বিক্ষোভকারীরা অভিযুক্তের গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে সড়ক অবরোধও করেন।

অনশনকারীরা দাবি করেন, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। একই সঙ্গে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার স্ত্রীর অভিযোগ, গত রোববার রাতে ছানোয়ার হোসেন সানু মোবাইল ফোনে তাদের ছেলে শাফিন আহমেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এছাড়া ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নাকে পা কেটে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।

এর আগে ২৭ জুলাই পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্ত ছানোয়ার হোসেন সানুর গ্রেপ্তার ও দলীয় বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেন সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার পরিবারের সদস্যরা।

তবে এ অভিযোগের বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।