চাঁদাবাজি ও মারামারির মামলায় গ্রেপ্তার এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনের সব দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি। শনিবার (৮ আগস্ট) সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বলেন, আজাদ হোসেনকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তার দেওয়া লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সব দলীয় পদ স্থগিত করা হয়েছে। উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাকের বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ, উল্লাপাড়া থানা কম্পাউন্ডে এক বিএনপি নেতাকে মারধরে জড়িত থাকা এবং চাঁদাবাজির অভিযোগে আজাদ হোসেনের বিরুদ্ধে মোট দুটি মামলা হওয়ায় গত ২৬ জুলাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি জেলা বিএনপির কাছে লিখিত জবাব দেন। তবে তার জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সব দলীয় পদ স্থগিত করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২৬ জুলাই আজাদ হোসেন ও উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাককে পৃথক কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা বিএনপি। তাদের তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল। আজাদ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার বিষয়টিও নোটিশে উল্লেখ করা হয়।
এর আগে ২৭ জুলাই উল্লাপাড়া মডেল থানা পুলিশ মারামারি ও চাঁদাবাজির পৃথক দুই মামলায় আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করে। পরদিন ২৮ জুলাই সকালে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
এদিকে, গ্রেপ্তারের পর শোকজ এবং এবার শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় সব দলীয় পদ স্থগিতের ঘটনায় উল্লাপাড়ার বিএনপির স্থানীয় রাজনীতিতে আলোচনা তৈরি হয়েছে। চিঠি অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজাদ হোসেনের বিরুদ্ধে এ স্থগিতাদেশ বহাল থাকবে।
সিরাজগঞ্জ টাইমস/সিই







