পুলিশের হস্তক্ষেপে কড্ডার মোড়ের অবরোধ তুলে নিলো যাত্রীরা – Sirajganj Times

পুলিশের হস্তক্ষেপে কড্ডার মোড়ের অবরোধ তুলে নিলো যাত্রীরা

পুলিশের হস্তক্ষেপে কড্ডায় যান চলাচল স্বাভাবিক।- জেলা পুলিশ

সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে শুক্রবার রাতে মহাসড়ক অবরোধ করেন সাধারণ যাত্রীরা। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের জনদুর্ভোগ সৃষ্টি হয় ।

ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যাত্রী প্রতিনিধি ও মোটর মালিক সমিতির নেতাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করে সমঝোতার মাধ্যমে অবরোধ প্রত্যাহার করতে সক্ষম হয় পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ, কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং যমুনা সেতু পশ্চিম থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন।

আলোচনার পর যাত্রীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এতে দীর্ঘ যানজটের অবসান ঘটে এবং আটকে থাকা হাজারো যাত্রী স্বস্তি ফিরে পান।

সিরাজগঞ্জ টাইমস/সিই