সিরাজগঞ্জের বেলকুচিতে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ডাচ্-বাংলা ব্যাংকের দৃষ্টি কর্মসূচির আওতায় এবং গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলকুচি মডেল ডিগ্রি কলেজ চত্বরে এই সেবা কার্যক্রম পরিচালিত হয়।
সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালনা করেন গাক আই হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মাহমুদ।
চক্ষু শিবিরের সভাপতিত্ব করেন বেলকুচি মডেল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সামছুল আলম। অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার।
দিনব্যাপী চক্ষু ক্যাম্পে ২৫০ জন রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৬ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য গাক চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আমানউল্লাহ শেখ (আমান) ও ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রেজাউল করিম, হাসান শেখ, আব্দুল ওয়াদুদ, মোহাম্মদ মাসুদ সরকার, মোহাম্মদ সাব্বির রহমান, মোহাম্মদ কাউসার আহমেদ ও হাজী মোতালেব হোসেন।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সেবা গ্রহিতারা।