ছিনতাই-ধর্ষণের প্রতিবাদে হাটিকুমরুলে শিক্ষার্থীদের মানববন্ধন – Sirajganj Times

ছিনতাই-ধর্ষণের প্রতিবাদে হাটিকুমরুলে শিক্ষার্থীদের মানববন্ধন

 

দেশব্যাপী হত্যা, ধর্ষণ, ছিনতাই এবং আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে সিরাজগঞ্জের সলঙ্গায় মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে হাটিকুমরুল গোলচত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সলঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় বিভিন্ন প্রতিবাদমুলক স্লোগান দেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মো. জুয়েল রানা। তিনি বলেন, “দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ঘটলেও বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, নারীরা প্রতিনিয়ত সহিংসতার শিকার হচ্ছেন, কিন্তু অপরাধীরা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শিক্ষার্থীরা বলেন, “প্রাসাশন যদি দায়িত্ব পালন করতে না পারে, তাহলে জনগণের কাছে দায়িত্ব হস্তার করুক।”

মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন। পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে হাটিকুমরুল গোলচত্বর প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ করেন।

সিরাজগঞ্জ টাইমস/সি/ই