আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১১ দলীয় জোটের আসন সমঝোতার প্রথম পর্বে সিরাজগঞ্জের দুটি আসন শরিক দলকে দেওয়া হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসন পেয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে এ আসন সমঝোতা ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি জানান, ১১ দলীয় জোটের সমঝোতায় ৩০০ আসনের মধ্যে প্রথম পর্বে ২৫৩টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে একমত হয়েছে জোটের শরিকরা।
ঘোষণা অনুযায়ী, জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, এবি পার্টি ৩টি, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি) ২টি এবং নেজামে ইসলাম ২টি আসনে নির্বাচন করবে।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা ও খেলাফত আন্দোলনের আসন বণ্টনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানান জামায়াতের নায়েবে আমির।









