সিরাজগঞ্জে ৪ লাখ ৭৪ হাজার ৪৪২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে শনিবার (১৫ মার্চ) জেলার ১৫টি স্থায়ী ও ২ হাজার ১১২টি অস্থায়ী টিকাদান কেন্দ্রসহ মোট ২ হাজার ১২৭টি কেন্দ্রে এ কার্যক্রম চলে।
এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৫২ হাজার ৪৪৫ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় ৪ লাখ ২২ হাজার শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়।
সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা হেলথ কমপ্লেক্সে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় জেলা সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন জানান, শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ ও শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।