মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতে ঘরে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ – Sirajganj Times

মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতে ঘরে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ

যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতে ঘরমুথো মানুষ। ছবি: মো. জাহিদ হাসান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের স্রোত শুরু হয়েছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিম পাড়সহ সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। ব্যক্তিগত গাড়ি, প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এখনো বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি, ফলে স্বস্তিতেই বাড়ি ফিরছেন মানুষ।

শুক্রবার (২৮ মার্চ) সকালে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জ অংশের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, ঈদযাত্রার মূল চাপ শুরু বাড়লেও ভোগান্তি বাড়েনি। বাসের সংখ্যা তুলনামূলক কম থাকলেও ব্যক্তিগত গাড়ির চলাচল অনেকটাই বেড়েছে। আজ বৃহস্পতিবার অফিস-আদালতের শেষ কর্মদিবস হওয়ায় বিকেলের পর থেকে ঘরমুখো মানুষের ঢল নামার সম্ভাবনা রয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, “আজ সকাল থেকে মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করেছে। তবে বাস ও ট্রাকের তুলনায় ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলের সংখ্যা বেশি। ঈদের ছুটি যত এগিয়ে আসবে, যানবাহনের চাপও তত বাড়বে।”

তিনি আরও জানান, নির্বিঘ্নে ঈদযাত্রা নিশ্চিত করতে সিরাজগঞ্জ মহাসড়কে হাইওয়ে পুলিশের ১৫০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। যানজট ও যাত্রীদের দুর্ভোগ এড়াতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এদিকে, আজকের পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজট তৈরি হয়নি। নিরাপদ ঈদযাত্রার জন্য প্রশাসনের পাশাপাশি যাত্রী ও চালকদেরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।