সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর তীরে নয়নাভিরাম পর্যটন স্পট হার্ড পয়েন্টে নবনির্মিত ‘লাভ সিরাজগঞ্জ’ ভাস্কর্যের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) বিকেল ৪টায় হার্ড পয়েন্ট এলাকায় এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এই ভাস্কর্যের নামকরণ করা হয়েছে প্রাপ্তি ও পূর্ণতা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আনিছুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. জাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন ও জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন নগর পরিকল্পনাবিদ মো. আনিসুর রহমান।
পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্টজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ আয়োজনে অংশ নেন। ’প্রাপ্তি ও পূর্ণতা’ ভাস্কর্য পর্যটনের পাশাপাশি শহরের গর্ব ও সৌন্দর্যের নতুন প্রতীক হয়ে উঠেছে বলে মন্তব্য করেন বক্তারা।
সিরাজগঞ্জ টাইমস/সিই









