রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হারে তলানিতে অবস্থান করছে সিরাজগঞ্জ জেলা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বোর্ড চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম ফলাফল প্রকাশ করেন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, রাজশাহী জেলায় সর্বোচ্চ ৭১ দশমিক ১৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। দ্বিতীয় স্থানে বগুড়া (৬৯.৭৬%), তৃতীয় জয়পুরহাট (৫৮.৩২%), চতুর্থ পাবনা (৫৪.৬৫%)। পঞ্চম থেকে সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে চাঁপাইনবাবগঞ্জ (৫৩.৬৭%), নাটোর (৫১.৫৯%) ও নওগাঁ (৫০.৪১%)।
তবে সবচেয়ে নিচে রয়েছে সিরাজগঞ্জ জেলা, যেখানে পাসের হার মাত্র ৪৮ দশমিক ৪৬ শতাংশ।
রাজশাহী বোর্ড সূত্রে জানা যায়, এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৪ হাজার ১৩৪ জন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩০ হাজার ৮৮৭ জন, পাস করেছেন ৭৭ হাজার ৭৪২ জন। এদের মধ্যে ছাত্র ৩৪ হাজার ২৪৮ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৪৯৪ জন। ছাত্রীরাই এবার পাসের হার ও জিপিএ-৫-এ এগিয়ে।
বোর্ড জানায়, এবার রাজশাহী বোর্ডে সামগ্রিকভাবে পাসের হার ও জিপিএ-৫ দুটিই গত বছরের তুলনায় কমেছে। গত বছর পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছিলেন ২৪ হাজার ৯০২ জন শিক্ষার্থী; এবার তা নেমে এসেছে ৫৯ দশমিক ৪০ শতাংশ পাসের হার ও ১০ হাজার ১৩৭ জন জিপিএ-৫ প্রাপ্তিতে।









