আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে জেলার গুরুত্বপূর্ণ আসন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) এ এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করেনি দলটি।
বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে প্রার্থী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে প্রার্থী হয়েছেন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নেতা ভিপি আইনুল হক। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে মনোনয়ন পেয়েছেন দলটির প্রবীণ নেতা এম আকবর আলী।
এদিকে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপির হয়ে লড়বেন আমিরুল ইসলাম খান আলীম এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে দলের মনোনয়ন পেয়েছেন ডা. এম এ মুহিত।
মনোনয়ন ঘোষণার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি এবার মনোনয়ন প্রক্রিয়ায় স্থানীয় নেতৃত্ব, সাংগঠনিক সক্ষমতা, আন্দোলনে সক্রিয়তা এবং মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।
সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী চূড়ান্ত হওয়ায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এদিকে কাজিপুর আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রাখাকে বিএনপির কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, ঐ আসনে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি থাকা এবং জেলা জামায়েতের শীর্ষ নেতা প্রার্থীতা করায় বিএনপি এখানে জনবান্ধব ও গ্রহণযোগ্য প্রার্থী বেছে নিতে চায়।
সিরাজগঞ্জ টাইমস/সিই