চৌহালীতে শিক্ষা উপকরণ পেল এসএসসি পরীক্ষার্থীরা – Sirajganj Times

চৌহালীতে শিক্ষা উপকরণ পেল এসএসসি পরীক্ষার্থীরা

সিরাজগঞ্জের চৌহালীতে নজরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ১,৬০০ জন এসএসসি ও দাখিল পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) উপজেলার ঘোড়জান, খাষকাউলিয়া, খাষপুকুরিয়া, বাঘুটিয়া ও উমারপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

সকালে খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ঘোড়জান ও খাষকাউলিয়া ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে আনুষ্ঠানিকভাবে উপকরণ হস্তান্তরের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দুপুরে খাষপুকুরিয়া ইউনিয়নে এবং বিকেলে পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাঘুটিয়া ও উমারপুর ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।

প্রত্যেক শিক্ষার্থীকে তিনটি কলম, একটি পেন্সিল, একটি স্কেল, একটি ইরেজার, একটি শার্পনার, একটি জ্যামিতি বক্স এবং একটি ফাইল উপহার দেওয়া হয়।

নজরুল ইসলাম ফাউন্ডেশনের পরিচালক মো. আব্দুল হাকিম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে উপজেলার প্রতিটি স্কুল ও মাদরাসায় ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে ঢাকাস্থ চৌহালী উপজেলা কল্যাণ সমিতির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।