সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, মেধাবী শিক্ষার্থী এবং অসহায়-অসুস্থ রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২৩ জন বীর মুক্তিযোদ্ধা, ১০ জন মেধাবী শিক্ষার্থী এবং ৪১ জন অসহায়-অসুস্থ রোগীর হাতে চেক তুলে দেওয়া হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম শাহীন এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম শাহীন বলেন, “কোনো মেধাবী শিক্ষার্থী যেন টাকার অভাবে পড়াশোনা কিংবা পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত না হয়।”
তিনি বলেন, “আমরা চাই আজকের শিশুরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দিক। জেলা পরিষদের বরাদ্দ না থাকলেও কোনো মেধাবী শিক্ষার্থী আর্থিক সংকটে পড়লে আমি ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতার সর্বোচ্চ চেষ্টা করব।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, টিকটক, ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় সময় ব্যয় না করে পড়াশোনায় মনোযোগী হতে হবে। প্রযুক্তিকে জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে। শুধু মেধাবী হলেই চলবে না, একজন সৎ, বিনয়ী ও মানবিক মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, অভিভাবক, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ টাইমস/সিই









