সলঙ্গায় বাস উল্টে এক যাত্রী নিহত, আহত ৫ – Sirajganj Times

সলঙ্গায় বাস উল্টে এক যাত্রী নিহত, আহত ৫

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সেলিম রেজা (৪৬) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানার হরিনচড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম রেজা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চাঁদপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আব্দুর রউফ জানান, ঘন কুয়াশার মধ্যে দ্রুতগতিতে নাটোরের দিকে যাচ্ছিল রত্না পরিবহনের একটি যাত্রীবাহী বাস। হরিনচড়া বাজার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে সেলিম রেজা ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।