প্রথমবারের মতো যমুনা রেলসেতু পাড়ি দিল যাত্রীবাহী ট্রেন – Sirajganj Times

প্রথমবারের মতো যমুনা রেলসেতু পাড়ি দিল যাত্রীবাহী ট্রেন

ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগের নতুন দিগন্তের সূচনা হলো। বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো যাত্রী নিয়ে যমুনা রেলসেতু দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু। আর এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো সেতুর ওপর ট্রেন চলাচলের যুগ।

বেলা ১১টা ১২ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস প্রথম যাত্রীবাহী ট্রেন হিসেবে যমুনা রেলসেতু অতিক্রম করে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

যমুনা রেলসেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান জানান, সেতুর দুটি লাইন থাকলেও আপাতত একটি লাইন দিয়েই ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামীকাল থেকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রেনগুলো সেতুর উত্তর পাশের লাইন দিয়ে চলবে। তবে আগামী ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের পর দুই লাইনে ট্রেন চলাচল শুরু হবে।

নতুন রেলসেতু চালুর ফলে বুধবার থেকেই বঙ্গবন্ধু সেতু দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে রেল চলাচলে গতি বাড়বে এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।

২০২০ সালে শুরু হওয়া যমুনা রেলসেতু নির্মাণকাজ শেষ হয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে। ৪.৮ কিলোমিটার দীর্ঘ এ রেলসেতু চালুর ফলে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও দ্রুত ও নিরাপদ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।