সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিনিধি সভা ও আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় উল্লাপাড়ার রিয়া রুপন পার্কে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ইউটিউব চ্যানেল “চিত্রপুরি কৃষিচিত্র”-এর কর্ণধার মো. রফিকুল ইসলাম মানিক এবং সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবী মো. আব্দুল আলীম।
সভায় বক্তব্য রাখেন “সুখ পাখি”-র পরিচালক শেখ রজব, “দি বার্ড সেফটি” সংগঠনের চেয়ারম্যান মামুন বিশ্বাস, “প্রচেষ্টা সবার জন্য”-এর চেয়ারম্যান শাহবাজ খান সানি, “ভিলেজ ভিশন”-এর চেয়ারম্যান শরীফ খন্দকারসহ অনেকে।
জেলার নয়টি উপজেলার শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন। প্রতিটি উপজেলা থেকে দুইজন করে প্রতিনিধি মতামত প্রকাশ করেন এবং তাদের মধ্য থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হন।
নির্বাচিত প্রতিনিধিরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার রাসেল আহমেদ ও মনির হোসেন, কাজিপুরের আশকার পাইন, কামারখন্দের তমা খাতুন, উল্লাপাড়ার আরিফুর রহমান, শাহজাদপুরের হাবিবুর রহমান হাবিব, বেলকুচির উজ্জ্বল অধিকারী, সলঙ্গার শাহ আলম, তাড়াশের দেলবার হোসেন, এনায়েতপুরের সাইফুল ইসলাম এবং চৌহালীর ইউসুফ আলী।
সভায় ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মো. রফিকুল ইসলাম মানিক আহ্বায়ক, শেখ রজব আলী যুগ্ম আহ্বায়ক এবং মামুন বিশ্বাস, শাহবাজ খান সানি, শরীফ খন্দকার, সাজিদ মুন, আব্দুল আলীম, পিয়াস হোসেন ও ইসমাইল হোসেন সদস্য সচিব হিসেবে নির্বাচিত হন।
“মানুষ মানুষের জন্য, স্বেচ্ছাসেবায় সিরাজগঞ্জ অনন্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সভার শেষ পর্যায়ে রিয়া রুপন পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা স্বেচ্ছাসেবার মাধ্যমে সমাজ উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।











