সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারি চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার চালা কাচারীবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উল্লাপাড়া উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের আব্দুল মালেক আকন্দের ছেলে ফারুক হোসেন (৩২) ও একই গ্রামের সানোয়ার উদ্দিনের ছেলে মোহাম্মদ রনি হোসেন (২৩)। আহত হারুন অর রশিদ (২৮), একই গ্রামের সমেশ প্রামাণিকের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, পাবনা থেকে আসা একটি যাত্রীবাহী বাস কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বাসটি ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের দুই যাত্রী নিহত হন এবং অপর একজন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।