বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, দেশে শান্তি প্রতিষ্ঠায় ইসলামী সমাজের বিকল্প নেই। শান্তিপূর্ণ দেশ গঠনে জামায়াত লড়াই করছে। তবে একটি দল ইতোমধ্যে চাঁদাবাজি ও ফ্যাসিবাদী কার্যক্রম শুরু করেছে। চাঁদাবাজির জন্য তরুণেরা রক্ত দেয়নি। তিনি বলেন, “চাঁদাবাজি বাদ দিন, প্রয়োজনে ভিক্ষা করে খান।”
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সোহাগপুর আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে বেলকুচি উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রফিকুল ইসলাম খান বলেন, জাতীয় সরকারের আগে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। তিনি অভিযোগ করেন, “একটি দল ৫ আগস্টের আগেও আমাদের সঙ্গে এই দাবিতে আন্দোলন করছিল, কিন্তু এখন তারা উল্টো কথা বলছে।”
তিনি আরও বলেন, “এ দেশ কারও তালুক নয়। ১৮ কোটি মানুষের দেশে আর কোনো ফ্যাসিবাদ ও চাঁদাবাজির স্থান হবে না। মানবিক ও সমৃদ্ধ দেশ গঠনে জামায়াতের মনোনীত প্রার্থীদের পক্ষে রায় দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ এনায়েতপুরের হাফেজ সিয়াম হোসেনের পিতা আব্দুল কুদ্দুস। সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
এসময় সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।









