সিরাজগঞ্জের কাজিপুরে ডোবার পানিতে পড়ে দুই মামাতো-ফুপাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) দুপুরে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিলচতল গ্রামের হাফিজার রহমানের মেয়ে তন্নী (৮) ও তার বোনের মেয়ে আনিকা (৮)।
নিহত তন্নীর চাচা আব্দুল বারিক জানান, সকালে তন্নী ও আনিকা বাড়ির পাশে স্তূপ করে রাখা বালির ওপর খেলছিল। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। পরে স্থানীয়রা পাশের ডোবায় তাদের মরদেহ ভেসে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, “যমুনা নদী থেকে উত্তোলিত বালি হাফিজার রহমানের বাড়ির পাশে স্তূপ করে রাখা হয়েছিল। শিশু দুটি সেখানে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।”
শিশুদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।