অবশেষে চাঁদাবাজির অভিযোগে আলোচিত সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু ও যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনসহ মোট ৮ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
সোমবার (১৫ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি নেতা লেবু ও রঞ্জনকে বহিস্কারের সুপারিশ
বহিষ্কৃত অন্য নেতারা হলেন—এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমান মঞ্জু সিকদার, সাবেক সদস্য মো. নজরুল ইসলাম লেবু, আতাউর রহমান আতা, আছিনুর রহমান আনিছ, ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু ও সাবেক সদস্য সচিব আবুল কালাম সিকদার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই ৮ নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ৫ এপ্রিল জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু স্বাক্ষরিত এক সুপারিশপত্রে লেবু ও রঞ্জনের বিরুদ্ধে কেন্দ্রীয় বিএনপির কাছে বহিষ্কারের সুপারিশ পাঠানো হয়। পরে তা যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্তে পরিণত হয়।
দলের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, বহিষ্কারের এই সিদ্ধান্তে বিএনপির ভিতরে শৃঙ্খলা ফেরানোর প্রক্রিয়া আরও শক্তিশালী হলো।
সিরাজগঞ্জ টাইমস/সি/ই









